উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা তেলবাহী ট্যাংকারগুলোর হরমুজ প্রণালি অতিক্রমের প্রস্তুতির ইঙ্গিত পাওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে গেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৪ জুন) বিশ্ববাজারে তেলের দাম গত চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি লেনদেন করছে।
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৭৬.৭১ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩৬ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৭২.৮৫ ডলারে নেমে এসেছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার লক্ষণ বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা কমিয়েছে। এর ফলে বৈশ্বিক তেলের বাজারে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে এবং দাম ধারাবাহিকভাবে কমছে।
মিৎসুবিশি ইউএফজে রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের সিনিয়র অর্থনীতিবিদ তোমোমিচি আকুতা বলেন, যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার আশা এবং হরমুজ প্রণালি দিয়ে পুনরায় তেল সরবরাহ শুরু হওয়ায় বাজারে এই পতন দেখা দিয়েছে। তার মতে, পারমাণবিক চুক্তি আলোচনা আরও ইতিবাচক হলে তেলের দাম যুদ্ধ-পূর্ববর্তী স্তরে ফিরে যেতে পারে।
জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী, উপসাগরে আটকে থাকা তিনটি সুপারট্যাঙ্কার ইতোমধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাতিসংঘের শিপিং সংস্থার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতির পর সেখানে আটকে থাকা প্রায় ১১ হাজার নাবিকসহ শত শত জাহাজ ধীরে ধীরে সরিয়ে নেওয়া হচ্ছে।
ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনীর সমন্বয়ে প্রতিদিন সীমিত সংখ্যক জাহাজকে প্রণালি পার হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে, যার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বস্তি ফিরে এসেছে এবং তেলের বাজারে সরাসরি প্রভাব পড়েছে।
সূত্র: রয়টার্স