পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৪ হাজার ১৬৩ জন বাংলাদেশি হাজি। মঙ্গলবার (২৩ জুন) পর্যন্ত মোট ১৭০টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফেরেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৫৯ হাজার ৮৪৪ জন হাজি দেশে ফিরেছেন।
বুধবার (২৪ জুন) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
হজ বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮৯টি ফ্লাইটে ২৮ হাজার ৮৪৫ জন, সৌদিয়া এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে ২২ হাজার ৪৫৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৬৭২ জন দেশে ফিরেছেন। এছাড়া অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে আরও ৪ হাজার ১৮৭ জন হাজি দেশে পৌঁছেছেন।
এ বছর হজ পালন করতে গিয়ে মোট ৫৪ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা যান। তবে মিনা ও মুজদালিফায় কোনো বাংলাদেশি হাজির মৃত্যুর ঘটনা ঘটেনি।
হজ অফিসের তথ্য অনুযায়ী, সৌদি আরবে অবস্থানকালে ৪১৫ জন বাংলাদেশি হাজি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন এবং ১০ জন হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়া সৌদি মেডিক্যাল সেন্টারগুলো মোট ৬৬ হাজার ৮৮০ জন হাজিকে স্বাস্থ্যসেবা প্রদান করেছে। অন্যদিকে মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্কের মাধ্যমে ২৮ হাজার ৩২৫ জন হাজিকে বিভিন্ন তথ্য ও প্রয়োজনীয় সেবা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অবশিষ্ট হাজিরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইটে পর্যায়ক্রমে দেশে ফিরবেন।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে চলতি বছরের হজ পরিবহন কার্যক্রম শুরু হয় এবং ২১ মে প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম শেষ হয়। চলতি বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।
হজ অফিসের তথ্যমতে, এবার বাংলাদেশের জন্য সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা বরাদ্দ ছিল।