বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে এবং এর প্রভাব গ্যাস ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বাজারেও পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২৩ আগস্ট) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বর্তমান জ্বালানি সংকটের পেছনে বৈশ্বিক ও প্রাকৃতিক পরিস্থিতির বড় ভূমিকা রয়েছে। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার প্রভাব দেশের গ্যাস ও এলএনজি সরবরাহেও পড়ছে।
তার ভাষ্য, দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে। কিছু শিল্পাঞ্চলে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ না থাকায় কলকারখানার উৎপাদন কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, সংকটকালেও সরকার সামাজিক সুরক্ষা কার্যক্রম চালু রাখার চেষ্টা করছে। যেসব এলাকায় জ্বালানি বা অন্যান্য সমস্যার প্রভাব বেশি, সেখানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত।
সরকারের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন রিজভী। তিনি বলেন, জনগণের প্রতি দায়বদ্ধ থেকেই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এবং জনকল্যাণ ও সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে।
বর্তমান সরকার দায়িত্বশীলতার সঙ্গে জনসেবা নিশ্চিত করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে।
এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মো. জহির উদ্দিন স্বপনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ