ন্যাশনাল ব্যাংক ১৫ অক্টোবর থেকে গ্রাহকদের জন্য স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পুনরায় চালু করবে। এই তারিখ থেকে গ্রাহকরা দেশের সব শাখা ও এটিএম বুথ থেকে তাদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন এবং অন্যান্য ব্যাংকিং লেনদেন করতে পারবেন। ব্যাংকের কাউন্টার সেবা, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিংসহ সব ডিজিটাল ও অনলাইন সেবা এই দিন থেকে পূর্ণমাত্রায় পরিচালনার সিদ্ধান্ত পরিচালক পর্ষদের সভায় গৃহীত হয়।
এদিন সকালে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মেলিতা মেহজাবিন এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গভর্নর এই সাক্ষাৎকালে আমানতকারীদের স্বার্থ প্রতিষ্ঠা এবং ব্যাংকিং খাতে জনআস্থা রক্ষার গুরুত্ব বলার পাশাপাশি ন্যাশনাল ব্যাংকের সব আমানতকারীর চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন কার্যক্রম চালুর জন্য নির্দেশনা প্রদান করেন।
পরিচালনা পর্ষদের সভা শেষে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকের আলোকে ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে যাতে ১৫ অক্টোবর থেকে গ্রাহকরা সব ধরনের ব্যাংকিং সেবা নির্বিঘ্নে পেতে পারেন।
বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে সুশাসন প্রতিষ্ঠার উচ্চারণ করেন চেয়ারম্যান অধ্যাপক মেলিতা মেহজাবিন। তিনি বলেন, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা ও পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার সমন্বিত প্রচেষ্টায় ব্যাংকটি আবার পূর্ণ গতিতে গ্রাহক সেবায় ফিরছে। তিনি দীর্ঘদিন ব্যাংকের পাশে যারা ছিলেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন, খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকার পাশাপাশি ভবিষ্যতেও কোনো খেলাপিকে ছাড় দেওয়া হবে না।
ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক জানান, ১৫ অক্টোবর থেকে সেবায় বাধাগ্রস্ততা এড়াতে সকল শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
মন্তব্যসমূহ