জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি’র সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা বাস্তবায়ন, শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা ও আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে সরকার কাজ করছে।
তিনি জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও নবগঠিত জুলাই অধিদপ্তরের মাধ্যমে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা গাফিলতির সুযোগ থাকবে না।
আহমেদ আযম খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অর্জন কোনো একক দলের নয়, এটি পুরো জাতির। তাই সব শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের যথাযথ সেবা ও সহযোগিতা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ গঠনে কাজ করবে। এ লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরকে কার্যকরভাবে কাজে লাগানো হবে।
সভায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জুলাই শহীদ জাবিরের মা রোকেয়া বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, স্বাস্থ্য অধিদপ্তর, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের কল্যাণ, চিকিৎসা, পুনর্বাসন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
মন্তব্যসমূহ