জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি’র সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা বাস্তবায়ন, শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা ও আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে সরকার কাজ করছে।[BANGVIEWS-POST:4041]তিনি জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও নবগঠিত জুলাই অধিদপ্তরের মাধ্যমে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা গাফিলতির সুযোগ থাকবে না।আহমেদ আযম খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অর্জন কোনো একক দলের নয়, এটি পুরো জাতির। তাই সব শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের যথাযথ সেবা ও সহযোগিতা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ গঠনে কাজ করবে। এ লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরকে কার্যকরভাবে কাজে লাগানো হবে।[BANGVIEWS-POST:4040]সভায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জুলাই শহীদ জাবিরের মা রোকেয়া বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ ছাড়া জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, স্বাস্থ্য অধিদপ্তর, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা সভায় অংশ নেন। সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের কল্যাণ, চিকিৎসা, পুনর্বাসন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।