শর্তের ভিত্তিতে নয়, বরং সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে অন্য দেশের সম্পর্ক গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর জিয়া উদ্যানে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই দেশের পররাষ্ট্র সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। বাংলাদেশের সরকার সব দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে সম্পর্ক বজায় রাখতে চায়।
তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করবেন এবং প্রয়োজনে বিভিন্ন দেশ সফর করবেন। একইভাবে বাংলাদেশও বিভিন্ন দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানাবে।
বিএনপির এই নেতা আরও বলেন, কোনো দেশের পক্ষ থেকে সম্পর্ক বা সফরের ক্ষেত্রে যদি কোনো শর্ত আরোপ করা হয়, তাহলে সেই শর্তের ভিত্তিতে প্রকৃত বন্ধুত্ব সম্ভব নয়। বন্ধুত্বের জন্য প্রয়োজন একে অপরের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান।
মন্তব্যসমূহ