দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩৯ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, ঢাকা বিভাগে ১২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ১৬ জন, ময়মনসিংহ বিভাগে একজন, রাজশাহী বিভাগে ৯ জন, রংপুর বিভাগে একজন এবং সিলেট বিভাগে ৩ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২৪ জন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৪ হাজার ৬৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২২ জুন পর্যন্ত দেশে মোট ৫ হাজার ৩৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৪ শতাংশ নারী।
সবশেষ একজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।
এর আগে ২০২৫ সালে দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। ওই বছর ডেঙ্গুতে ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।