চলতি অর্থবছরের মে পর্যন্ত ১১ মাসে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) করসহ আয় করেছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সময়ে রাষ্ট্রীয় এই সম্প্রচারমাধ্যমটির ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।
সোমবার জাতীয় সংসদে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
তথ্যমন্ত্রী জানান, চলতি অর্থবছরে বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন শাখা থেকে এসেছে ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা।
সংসদে বিটিভির ২০২০-২১ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত আয়-ব্যয়ের হিসাবও তুলে ধরেন তথ্যমন্ত্রী।
তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাকা, আর ব্যয় ছিল ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা।
২০২১-২২ অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় হয় ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা এবং ব্যয় হয় ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা।
২০২২-২৩ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা, বিপরীতে ব্যয় হয় ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা।
২০২৩-২৪ অর্থবছরে আয় দাঁড়ায় ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা, আর ব্যয় হয় ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা।
২০২৪-২৫ অর্থবছরে বিটিভির আয় ছিল ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা এবং ব্যয় ছিল ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।