সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
সোমবার (১৭ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
এদিকে রাজধানীর বনানী থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় খায়রুল হকের জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। ফলে অন্য কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো না থাকলে যেকোনো সময় তিনি কারাগার থেকে মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
এর আগে একই মামলায় বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ খায়রুল হককে জামিন দেন। সোমবার চেম্বার আদালত সেই জামিন বহাল রাখেন।
গত ২ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় খায়রুল হকের জামিন বহাল রাখেন চেম্বার আদালত। এরপর তাকে বনানী থানায় দায়ের করা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।
এর আগে গত ৩০ জুন খোয়াইব হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পান সাবেক প্রধান বিচারপতি। পরে নতুন করে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গত ২৩ মে পৃথক সাত মামলায় জামিন পাওয়ার পর খায়রুল হককে যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দেওয়া হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ বিষয়ে আদেশ দেন।
এর আগে ১৬ মে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. ইব্রাহিম খলিল ওই মামলায় খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আইনজীবীর বক্তব্য অনুযায়ী, জামিন বহাল থাকায় অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকলে তার মুক্তিতে বাধা থাকার কথা নয়। তবে আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগের ওপর আপিল বিভাগের নিষেধাজ্ঞা তার মুক্তির পরও কার্যকর থাকবে।
মন্তব্যসমূহ