বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিন পরিচালকসহ চার কর্মকর্তাকে বদলি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কয়েক ঘণ্টার মধ্যেই স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে এ সংক্রান্ত আদেশ জারি হলেও বিকেলে তা স্থগিত করে নতুন আদেশ দেওয়া হয়।
সকালের আদেশ অনুযায়ী, প্রকৌশল অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক এয়ার কমডোর মো. মঞ্জুর-ই-আলমকে করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং বিভাগের পরিচালক করা হয়। একই আদেশে প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট বিভাগের পরিচালক মো. রাশেদুল করিমকে কার্গো বিভাগের পরিচালক হিসেবে বদলি করা হয়।
এ ছাড়া করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং বিভাগের পরিচালক এম. মাসুদুর রহমানকে প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট বিভাগের পরিচালক পদে দায়িত্ব দেওয়া হয়।
অন্যদিকে, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বিভাগের প্রধান প্রকৌশলী এ আর এম কায়সার জামানকে বর্তমান দায়িত্বের পাশাপাশি প্রকৌশল অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বিভাগের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। এ দায়িত্ব পালনের ক্ষেত্রে তাকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ অতিরিক্তভাবে ভারপ্রাপ্ত করা হয়েছিল।
সকালে জারি করা ওই আদেশে এসব সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার কথা জানানো হয়।
তবে কয়েক ঘণ্টা পরই পরিস্থিতিতে পরিবর্তন আসে। বৃহস্পতিবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তর থেকে জারি করা এক আদেশে সকালের সিদ্ধান্ত স্থগিত করা হয়।
প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক প্রশাসন (পার্সোনেল) কাজী রাজীব হোসেন ওই স্থগিতাদেশে স্বাক্ষর করেন।
একই দিনে চার কর্মকর্তার বদলি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়ার আদেশ জারি এবং পরে তা স্থগিত করার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মন্তব্যসমূহ