বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগমন বাড়াতে ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ভিসা নীতি সহজ করা হলে বিদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য আরও সহজে বাংলাদেশে আসার সুযোগ পাবেন। এর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে বাংলাদেশকে আকর্ষণীয় করে তোলার পাশাপাশি দেশের উচ্চশিক্ষাকে বৈশ্বিক পরিসরে আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে দেশের ৯০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। শিক্ষার মান উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান মন্ত্রী।
ড. মিলন বলেন, দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের (টিভিইটি) বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় পর্যায়েও এ ধরনের শিক্ষার সুযোগ বাড়ানোর প্রয়োজন রয়েছে। একই সঙ্গে উচ্চশিক্ষায় এআইয়ের ব্যবহার আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর কিউএস র্যাংকিংয়ে অবস্থান উন্নত করতে গবেষণার মান ও পরিধি বাড়ানোর ওপর জোর দেন মন্ত্রী। পাশাপাশি ‘ক্রস-বর্ডার এডুকেশন’ সম্প্রসারণের মাধ্যমে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীর কোনো ঘাটতি নেই। দেশের শিক্ষার্থীরা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাফল্যের পাশাপাশি গবেষণাতেও ভালো করছেন। বিদেশে থাকা বাংলাদেশি মেধাবীদের দেশে ফিরিয়ে এনে জাতীয় উন্নয়নে কাজে লাগানোর জন্য ‘রিভার্স ব্রেইন ড্রেইন’ কার্যক্রম জোরদারের প্রয়োজন রয়েছে।
বাংলাদেশকে একটি আন্তর্জাতিক শিক্ষা হাব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে ড. মিলন বলেন, এ লক্ষ্য অর্জনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে।
ফোরামে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইশতিয়াক আবেদিন এবং কিউএসের চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান বক্তব্য দেন। অনুষ্ঠানে কিউএস ইন্ডিয়ার চেয়ারম্যান ড. অশ্বিন ফার্নান্দেজ স্বাগত বক্তব্য রাখেন।
মন্তব্যসমূহ