যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সমঝোতায় আলোচনার জন্য নির্ধারিত ৬০ দিনের সময়সীমা বর্তমান পরিস্থিতিতে আর প্রাসঙ্গিক নয় বলে জানিয়েছে ইরান। তেহরানের অভিযোগ, সমঝোতা হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ওয়াশিংটন এর শর্ত লঙ্ঘন করেছে।
সোমবার (১৭ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ অবস্থান তুলে ধরেন।
বাঘেই বলেন, গত ১৭ জুন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া সমঝোতায় এমন কোনো শর্ত ছিল না যে ৬০ দিনের মধ্যেই সব প্রক্রিয়া শেষ করতে হবে। তার ভাষ্য, চাপ, হুমকি বা নির্দিষ্ট সময়সীমাকে সামনে রেখে ইরান তার নীতি নির্ধারণ করে না।
তিনি জানান, সমঝোতায় ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য প্রাথমিকভাবে ৬০ দিনের একটি সময় নির্ধারণের বিষয় ছিল। তবে প্রয়োজন হলে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো পর্যন্ত সেই সময় বাড়ানোর সুযোগও রাখা হয়েছিল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দাবি, যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত ব্যাপকভাবে লঙ্ঘন করায় পরিকল্পিত আলোচনা শুরু করা সম্ভব হয়নি। এ কারণে ৬০ দিনের সময়সীমা নিয়ে এখন আর আলাদা করে আলোচনা করার প্রয়োজন নেই বলে মনে করছে তেহরান।
ইরানের এই অবস্থান এমন সময়ে সামনে এলো, যখন দেশটির পরমাণু কর্মসূচি ও নিষেধাজ্ঞা ইস্যুতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই
মন্তব্যসমূহ