দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। নিহত ব্যক্তির নাম আবু হাসান আলা। ইসরায়েলের দাবি, তিনি হিজবুল্লাহর ‘বদর ইউনিট’-এর একজন জ্যেষ্ঠ কমান্ডার ছিলেন।
রোববার (১৬ আগস্ট) ইসরায়েলি সেনাবাহিনী জানায়, দক্ষিণ লেবাননে চালানো এক হামলায় আবু হাসান আলা নিহত হয়েছেন। তাদের দাবি, তিনি ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বিভিন্ন হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে ভূমিকা রেখেছিলেন। এর মধ্যে বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে হামলার ঘটনাও রয়েছে।
তবে আবু হাসান আলার মৃত্যুর বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এর কয়েক ঘণ্টা আগে দক্ষিণ লেবাননে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত হন।
এর মধ্যে আনসার গ্রামের একটি বাড়িতে হামলায় সাতজন প্রাণ হারান। নিহতদের মধ্যে তিন শিশু ছিল। ওই হামলায় আরও কয়েকজন আহত হন।
ইসরায়েল দাবি করেছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সামরিক তৎপরতার জবাবে এসব হামলা চালানো হয়েছে। অন্যদিকে লেবাননের কর্মকর্তারা বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন।
সাম্প্রতিক সমঝোতা ও সংঘাত কমানোর প্রচেষ্টার মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটছে। এতে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আবারও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
মন্তব্যসমূহ