লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও ব্যাপক সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। টায়ার, নাবাতিয়েহ ও বিন্ত জুবাইল জেলার একাধিক এলাকায় বিস্ফোরণ, আর্টিলারি গোলাবর্ষণ ও ভারি মেশিনগানের গুলির খবর পাওয়া গেছে।লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে আলজাজিরা জানিয়েছে, টায়ার শহরের দক্ষিণে আল-কানতারা ও আল-মানসুরিসহ কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলা হয়েছে। আল-মানসুরিতে বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে আশপাশের গ্রামগুলোতেও এর কম্পন অনুভূত হয়।হাদ্দাতা শহরের উপকণ্ঠে ভারি মেশিনগানের গুলির পাশাপাশি আর্টিলারি শেলিংয়ের খবর পাওয়া গেছে। একই সময়ে বানি হাইয়ান, কাফার তেবনিত, বেইত লিফ, ওয়াদি মাজলাম ও জাওতার আল-শারকিয়াহ এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। দক্ষিণ লেবাননের এসব এলাকায় সাম্প্রতিক সপ্তাহগুলোতেও ইসরায়েলি হামলা ও ধ্বংসযজ্ঞের খবর এসেছে। সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা ও স্থল অভিযান বেড়েছে। ইসরায়েল বলছে, তাদের লক্ষ্য হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ধ্বংস করা এবং সীমান্ত এলাকায় গোষ্ঠীটির পুনর্গঠন ঠেকানো। অন্যদিকে লেবানন অভিযোগ করে আসছে, হামলায় বেসামরিক এলাকা ও অবকাঠামোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আল-মানসুরি, কাফার রেমান ও নাবাতিয়েহ অঞ্চল ইতোমধ্যে একাধিকবার ইসরায়েলি হামলার শিকার হয়েছে। আলজাজিরার সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, কিছু এলাকায় বাড়িঘর ধ্বংস এবং বেসামরিক জনগণের বাস্তুচ্যুতি এতটাই বেড়েছে যে অনেক গ্রাম কার্যত বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত, ইয়েমেনে হুতি তৎপরতা এবং লেবানন সীমান্তে চলমান উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তবে সর্বশেষ হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো প্রকাশ করা হয়নি।সূত্র: আলজাজিরা