২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার কিছু আগে বিভিন্ন কারাগার থেকে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। মামলাটিতে মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, আব্দুল লতিফ সিদ্দিকী, ডা. দীপু মনি, শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, শাহরিয়ার কবির, আবদুল জলিল মণ্ডল এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রোববার মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানিতে পলাতক আসামিদের আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আদেশ আসতে পারে।
এর আগে গত ২৭ জুলাই শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।
মামলার সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত ৬১ জন নিহতের একটি তালিকা পাওয়া গেছে। তাদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে।
মন্তব্যসমূহ