ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার সিদ্ধান্ত বাতিলের দাবি হেফাজতে ইসলামের

সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী।বিবৃতিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয়েছে। এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে হেফাজতে ইসলাম বলেছে, দেশের আলেম-উলামা ও তাওহীদি জনতার পক্ষ থেকে তারা এর প্রতিবাদ জানাচ্ছে।হেফাজতের নেতারা বলেন, বৃহস্পতিবার ‘সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে জানানো হয়েছিল, শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া আলেম সমাজ ও দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর প্রত্যাশার সম্পূর্ণ পরিপন্থী।[BANGVIEWS-POST:4214]বিবৃতিতে আরও দাবি করা হয়, লিংকন দেশের প্রচলিত পীর-মাশায়েখ, তাবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী।হেফাজতে ইসলাম বলেছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয় একটি অত্যন্ত সংবেদনশীল ও বিশেষায়িত ক্ষেত্র। এ মন্ত্রণালয়ের দায়িত্ব ইসলামী মূল্যবোধে শ্রদ্ধাশীল এবং উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে দেওয়া উচিত। এর ব্যতিক্রম হলে দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হানতে পারে।সংগঠনটি আরও সতর্ক করে বলেছে, দেশের কওমি আলেম সমাজ ও তাওহীদি জনতার অবদান ও পরামর্শ উপেক্ষা করে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে উলামায়ে কেরামের সঙ্গে সরকারের সুসম্পর্ক ও আস্থায় চরম চিড় ধরতে পারে। এ কারণে শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করার সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনা ও বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। একই সঙ্গে আলেম-উলামাদের সঙ্গে পরামর্শ করে একজন যোগ্য, অভিজ্ঞ ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার সিদ্ধান্ত বাতিলের দাবি হেফাজতে ইসলামের