ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর বিসিক এলাকায় একটি ফার্মেসি থেকে প্রায় ১৭ লাখ টাকার ওষুধ চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপও উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন।
পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর গভীর রাতে গোবিন্দনগর বিসিক এলাকার ওই ফার্মেসিতে চুরির ঘটনা ঘটে। পরে ফার্মেসির মালিক কল্যাণ চন্দ্র দেবনাথ এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়েরের পর চোরদের শনাক্তে অভিযান শুরু করে পুলিশ।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিনাজপুরের দশমাইল এলাকায় অভিযান চালিয়ে রাজু মিয়া (৩২), জাহাঙ্গীর হোসেন (৬০) ও বিল্লাল হোসেন (৫৫) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে চুরির ঘটনার বিষয়ে তথ্য পাওয়া যায়।
পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন দাবি করেছেন, চুরি করা ওষুধ তারা শিখর চন্দ্র সরকার (৩০) নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন। পরে শিখর চন্দ্র সরকারকেও গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় চুরির কাজে ব্যবহৃত পিকআপটি উদ্ধার করেছে পুলিশ। চুরি যাওয়া ওষুধের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।
পুলিশ বলছে, এই চুরির ঘটনায় আরও কোনো ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
মন্তব্যসমূহ