সমাজ ও রাষ্ট্রে ন্যায়নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে আয়োজিত এক মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, সমাজে অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে মানুষের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। ব্যক্তি ও সামাজিক জীবনে ইসলামি মূল্যবোধ অনুসরণ এবং নৈতিকতার চর্চা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন ইসলামী আন্দোলনের আমির।
মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা এবং মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন তিনি।
বক্তব্যের একপর্যায়ে চরমোনাই পীর বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’ এ সময় তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে নৈতিকতার বিষয়টি তুলে ধরেন।
তিনি আরও বলেন, ইসলামিক দল পরিচয় দিয়ে বেপর্দা নারীদের নিয়ে মিছিল-মিটিং করা হলে সেটি ইসলামি আদর্শের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, সেই প্রশ্ন দেখা দেয়। তার বক্তব্যে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে ধর্মীয় মূল্যবোধের সামঞ্জস্য রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
রেজাউল করীম বলেন, যারা মুসলমান, তারা মিথ্যা বলতে পারে না। এ সময় তিনি ব্যক্তি ও রাজনৈতিক জীবনে সত্যবাদিতা এবং নৈতিকতার চর্চার ওপর গুরুত্ব দেন।
সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যেও চরমোনাই পীর চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজসহ বিভিন্ন সামাজিক অনাচারের সমালোচনা করেছেন। হাজীগঞ্জের মাহফিলেও তিনি এসব অনিয়মের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
মন্তব্যসমূহ