স্পেনের দক্ষিণাঞ্চলীয় শহর গ্রানাদায় ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বেশ কয়েকটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
টিআরটি ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) রাত ১টার কিছু পর গ্রানাদার মহানগর এলাকার আলহেন্দিনে ভূমিকম্পটি অনুভূত হয়।
কম্পনের পর বিভিন্ন ভবনের অংশবিশেষ ভেঙে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। ধ্বংসাবশেষের আঘাতে কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবন থেকে কয়েকজন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে আন্দালুসিয়ার জরুরি সেবাদানকারী দল।
পরিস্থিতি মোকাবিলায় জরুরি ব্যবস্থা নিয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষ। পাশাপাশি বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের ভাইস প্রেসিডেন্ট আন্তোনিও সানজ কাবেয়ো সামাজিক যোগাযোগমাধ্যমে বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। যেসব ভবনে দৃশ্যমান ক্ষতি হয়নি, সেসব ভবনে অপ্রয়োজনে প্রবেশ বা বের না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
রাস্তায় অবস্থানকারীদেরও ভবনের সামনের অংশ, দেয়াল, বারান্দা ও কার্নিশসহ ভূমিকম্পের পর ধসে পড়ার ঝুঁকি রয়েছে এমন জায়গা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।
ভূমিকম্পের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
মন্তব্যসমূহ