নেত্রকোণার পূর্বধলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ থেকে ছয়জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ময়মনসিংহ থেকে নেত্রকোণার দিকে যাচ্ছিল ভক্তদের বহনকারী একটি পিকআপ ভ্যান। নারান্দিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা সারবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী ও এক পুরুষ নিহত হন।
পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। এতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়ায়।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, পিকআপ ভ্যানটিতে থাকা ভক্তরা নেত্রকোণার মদনপুরে হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি (রহ.)-এর বার্ষিক ওরসে যোগ দিতে যাচ্ছিলেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে শ্যামগঞ্জ ফাঁড়ি পুলিশ ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
মন্তব্যসমূহ