বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) রোবটিক সার্জারি চালুর সম্ভাবনাসহ চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও বিশেষায়িত স্বাস্থ্যসেবায় চীনের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে চীনের ইউনান প্রাদেশিক সরকার ও কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় উঠে আসে। তিন দিনব্যাপী বৈজ্ঞানিক সভা ও কর্মশালার অংশ হিসেবে চীনা প্রতিনিধিদল বিএমইউ পরিদর্শন করে।
বৈঠকে রোবটিক সার্জারি, কিডনি প্রতিস্থাপন, আধুনিক অস্ত্রোপচার প্রযুক্তি, চিকিৎসক প্রশিক্ষণ, গবেষণা এবং বিশেষায়িত চিকিৎসাসেবায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিএমইউর বিদ্যমান সমঝোতা স্মারক শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার ভিত্তি তৈরি করেছে বলেও উল্লেখ করা হয়।
চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির স্থায়ী সদস্য ঝাও জুনমিন বলেন, চিকিৎসা প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, গবেষণা ও প্রশিক্ষণে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগির সুযোগ রয়েছে। বিএমইউর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদও জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করেন।
বৈঠকে কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ডা. ইউ কিয়াং, বিএমইউর উপ-উপাচার্যসহ সংশ্লিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। পরে চীনা প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ পরিদর্শন করে।
মন্তব্যসমূহ