কুষ্টিয়ার কুমারখালীতে একটি বাড়ির মাটির নিচ থেকে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে কুমারখালী থানার কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বারাদি গ্রামে অভিযান চালানো হয়।
এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের ভাষ্য অনুযায়ী, বারাদি গ্রামের ৭০ বছর বয়সী মো. মোবারক আলীর বসতঘরের মাটির নিচে অস্ত্র ও গোলাবারুদগুলো পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল।
অভিযানে সেখান থেকে একটি তারাস পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং একটি পিস্তলের কভার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তলটি থানা থেকে লুট হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী।
ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
তবে অস্ত্রটি কোন থানা থেকে এবং কখন লুট হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
উদ্ধার করা পিস্তল, গুলি ও অন্যান্য সরঞ্জামের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প।
মন্তব্যসমূহ