ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের একটি পাওয়ারকারসহ চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় সাত ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনসংলগ্ন শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন ঢাকা-ময়মনসিংহ রুটের যাত্রীরা।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, জামালপুর থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের ঠিক আগে সামনের অংশের একটি পাওয়ারকারসহ চারটি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঢাকা ও ময়মনসিংহ থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। লাইনচ্যুত বগিগুলো সরানোর পর ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ করা হয়। পরে বিকেল সোয়া ৪টার দিকে রুটটিতে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
দুর্ঘটনার কারণে কাওরাইদ রেলওয়ে স্টেশনে আটকে থাকা তিস্তা এক্সপ্রেসও পরে গফরগাঁও স্টেশন অতিক্রম করে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি গফরগাঁও অতিক্রম করে বলে জানান ওসি।
রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
রেললাইন মেরামত ও উদ্ধারকাজ শেষ হওয়ায় বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।