যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুত করা রোডম্যাপে আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। যুদ্ধ-পরবর্তী রূপান্তর ও ব্যবস্থাপনা তদারকিতে গঠিত আন্তর্জাতিক সংস্থা ‘বোর্ড অব পিস’ এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় সংস্থাটি দাবি করে, ইতিহাসে প্রথমবারের মতো হামাস একটি কার্যকর পরিকল্পনার আওতায় নিজেদের সব অস্ত্র সমর্পণের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিয়েছে। বোর্ড অব পিসের ভাষ্য অনুযায়ী, এই প্রক্রিয়া শুরু হলে গাজা উপত্যকা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কার্যক্রমও শুরু হবে।
সংস্থাটি জানায়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাব এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনাকে ভিত্তি করে দীর্ঘ কয়েক মাসের আলোচনার পর এই সমঝোতা হয়েছে। পরিকল্পনায় গাজায় নতুন প্রশাসনিক কাঠামো গঠন, নিরাপত্তা নিশ্চিত করা, মানবিক সহায়তা জোরদার, অবকাঠামো পুনর্গঠন এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
বোর্ড অব পিস আরও জানায়, এখন তাদের প্রধান লক্ষ্য হলো সমঝোতার বিষয়গুলো বাস্তবায়ন করা। এ উদ্দেশ্যে গাজার আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য গঠিত ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি)-কে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর (আইএসএফ) সহযোগিতায় পূর্ণ সক্ষমতায় কার্যকর করার উদ্যোগ চলছে।
তবে বোর্ড অব পিসের এ দাবির বিষয়ে হামাস, ইসরায়েল বা সংশ্লিষ্ট আন্তর্জাতিক পক্ষগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সূত্র : আল জাজিরা