রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি মো. আলী আফজালকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার পদটি শূন্য ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনটিতে সই করেন উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন জানিয়েছেন, রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে সিদ্ধান্তটি জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদনে আলী আফজালকে ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে উল্লেখ করা হয়েছে। এ কারণে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ২৩(১)(খ) ধারা অনুযায়ী তার সভাপতি পদ শূন্য ঘোষণা করা হয়েছে।
আইনের সংশ্লিষ্ট ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি ঋণখেলাপি হলে কিংবা হালনাগাদ কর, ভ্যাট বা শুল্ক পরিশোধ না করলে তিনি বাণিজ্য সংগঠনের নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশ নিতে পারবেন না এবং কোনো পদেও থাকতে পারবেন না।
তবে নির্বাচিত হওয়ার পর কোনো ব্যক্তি ঋণ বা কর খেলাপি হিসেবে তালিকাভুক্ত হলে ১৮০ দিনের মধ্যে সংশ্লিষ্ট পাওনা পরিশোধের সুযোগ রয়েছে। নির্ধারিত সময়ে তা পরিশোধ না করলে তার পদ শূন্য হিসেবে বিবেচিত হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর, এফবিসিসিআই ও রিহ্যাব কার্যালয়েও পাঠানো হয়েছে।
এর আগে গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত রিহ্যাব নির্বাচনে সভাপতি নির্বাচিত হন আলী আফজাল। প্রগতিশীল প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান আফজাল ২৩২ ভোট পান।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বিদায়ী সভাপতি, আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের ওয়াহিদুজ্জামান পেয়েছিলেন ১৯৩ ভোট।