ব্যক্তিগত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে ব্যাংক কার্ড থেকে ‘অ্যাড মানি’ সুবিধা চালুর ক্ষেত্রে নির্ধারিত নিয়ন্ত্রক নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক পিএসডি-১ সার্কুলার লেটার নম্বর-০৩/২০২৬ জারি করে এ সিদ্ধান্তের কথা জানায়। নতুন নির্দেশনার মাধ্যমে গত ১৯ মে প্রকাশিত সার্কুলারের ক্রমিক নম্বর ২ ও ৩-এর বাস্তবায়ন সময়সীমা সংশোধন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্ধিত সময়সীমার মধ্যেও যেসব এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংক নির্ধারিত শর্ত পূরণ করতে পারবে না, তাদের জন্য ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ব্যাংক কার্ডের মাধ্যমে এমএফএস অ্যাকাউন্টে ‘অ্যাড মানি’ সেবা স্থগিত করা হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮ ধারার আওতায় এই নির্দেশনা জারি করা হয়েছে। এছাড়া সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তটি শুধুমাত্র সংশ্লিষ্ট দুটি নির্দেশনার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বাংলাদেশ ব্যাংক আরও স্পষ্ট করেছে, গত ১৯ মে জারি করা মূল সার্কুলারের অন্যান্য সব নির্দেশনা আগের মতোই কার্যকর থাকবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সেগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে।