আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনার লক্ষ্যে সরকার ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার সন্ধ্যায় রাজধানীতে অ্যামচ্যাম বাংলাদেশের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, মার্কিন প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বাড়ানো, নতুন কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি হস্তান্তর এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণে সরকার সহযোগিতা করতে প্রস্তুত। বিনিয়োগের পথে প্রকৃত কোনো ব্যবসায়িক সমস্যা সামনে এলে তা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
তিনি বলেন, তিন দশক ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে অ্যামচ্যাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংগঠনটি সরকার ও বেসরকারি খাতের মধ্যে যোগাযোগের কার্যকর মাধ্যম হিসেবেও কাজ করছে।
খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এখন ১৩ বিলিয়ন ডলারের বেশি। পাশাপাশি অ্যামচ্যামের সদস্য প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে।
সম্প্রতি অ্যামচ্যাম নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে নতুন করে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার পরিকল্পনা রয়েছে। সরকার এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা দেবে।
ব্যবসায়িক জটিলতা দ্রুত সমাধানের উদাহরণ হিসেবে তিনি অ্যামচ্যাম সদস্য প্রতিষ্ঠান কর্টেভা বাংলাদেশের লাইসেন্সসংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করেন। সরকারের উদ্যোগে অল্প সময়ের মধ্যে ওই সমস্যার সমাধান হয়েছে বলে জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থান, তরুণ কর্মীবাহিনী ও বড় অভ্যন্তরীণ বাজারের কারণে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য সম্ভাবনাময়। প্রযুক্তি, ডিজিটাল উদ্ভাবন, স্বাস্থ্যসেবা, উৎপাদন ও আর্থিক সেবাসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে।
তবে বিনিয়োগ বাড়াতে নীতির ধারাবাহিকতা, ব্যবসা পরিচালনার সহজ পরিবেশ এবং কার্যকর বাণিজ্য সুবিধা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন তিনি। এ লক্ষ্যে সরকারি সেবা ডিজিটাল করা এবং ব্যবসায়িক প্রক্রিয়া আরও সহজ করার কাজ চলছে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, আরও মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশে এলে বিনিয়োগের পাশাপাশি আধুনিক প্রযুক্তি, দক্ষতা ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, অ্যামচ্যামের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, সহসভাপতি আলা উদ্দিন আজাদসহ সংগঠনটির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।