তিন লাখ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে বাংলাদেশের এখনো কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বক্তব্য প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বিষয়টি নিয়ে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। তবে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাইলে বাংলাদেশ সেটিকে স্বাগত জানাবে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতে পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিলের খবর সঠিক নয় বলে জানান প্রতিমন্ত্রী। দূতাবাসের তথ্য অনুযায়ী, ৬২৬ বাংলাদেশির ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। তাদের মধ্যে ৪১৭ জনের তথ্য ভিসা নবায়নের জন্য পাঠানো হয়েছে এবং বাকিদের তথ্য পর্যায়ক্রমে পাঠানো হবে।