সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া পিটিই লিমিটেডের কাছ থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।
প্রতি এমএমবিটিইউ ২২ দশমিক ৩৫ মার্কিন ডলার হিসাবে কার্গোটির মোট ব্যয় হবে ৯৪৯ কোটি ৪৩ লাখ টাকা। আগামী ১৫ থেকে ১৬ আগস্টের মধ্যে এলএনজি সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। এটি ২০২৬ সালে সরকারের কেনা এলএনজির ৪২তম কার্গো।
একই সভায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রতি টনের মূল্য ৩৫৭ দশমিক ২৫ ডলার ধরে এতে ব্যয় হবে প্রায় ১৩২ কোটি ৬৩ লাখ টাকা।