বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে দুই দেশ। আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকে কর্মী পাঠানো শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বৃহস্পতিবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, নতুন ব্যবস্থায় সব খাতে বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ তৈরি হবে। তবে নিয়োগের আনুষ্ঠানিক পদ্ধতি ও অন্যান্য নির্দেশনা পরে জানাবে মালয়েশিয়া সরকার।
প্রথম ধাপের কর্মী নিয়োগ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে সম্পন্ন করতে মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। অভিবাসন ব্যয় কমানো, দক্ষতা বৃদ্ধি এবং স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করাই এর উদ্দেশ্য।
দুই দেশের হাইকমিশন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় যৌথভাবে কারিগরি কার্যক্রম এগিয়ে নেবে। মালয়েশিয়া কর্তৃপক্ষ যাচাই-বাছাইয়ের মাধ্যমে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির চূড়ান্ত তালিকা নির্ধারণ করবে।
সম্ভাব্য কর্মীদের দালাল ও প্রতারক চক্র থেকে সতর্ক থাকার পাশাপাশি আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছেন মাহদী আমিন।