বর্তমানে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের প্রায় ৯৯ শতাংশ হামের টিকা নেয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত আরও এক লাখ শিশুকে হামের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বুধবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে সরকার কাজ করছে। তবে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সততা ও দায়িত্বশীলতা প্রয়োজন।
স্বাস্থ্যমন্ত্রীর মতে, স্বাস্থ্য খাতে যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, তার যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে মানুষের জন্য সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া সম্ভব। চিকিৎসার অভাবে কেউ যেন মারা না যায়, সে বিষয়ে চিকিৎসকদের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
সরকারের ভবিষ্যৎ স্বাস্থ্য পরিকল্পনা তুলে ধরে সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, দেশের আটটি বিভাগীয় শহরে ক্যানসার হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি পাঁচটি বিভাগীয় শহরে দ্রুত শিশু হাসপাতাল চালুর পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া বিভিন্ন এলাকায় এক হাজার শয্যার মোট ১৮টি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব হাসপাতাল চালু হলে দেশের বিশেষায়িত চিকিৎসাসেবা আরও সম্প্রসারিত হবে বলে আশা করছে সরকার।