সাধারণ মানুষের মধ্যে ইসলামী জ্ঞান, পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে মাসব্যাপী ইসলামী বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
শনিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে ‘মাসব্যাপী ইসলামী বইমেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ এ বইমেলার আয়োজন করেছে।
ধর্মমন্ত্রী বলেন, সব বয়সী মানুষের কাছে ইসলামের প্রকৃত শিক্ষা ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ পৌঁছে দিতে নির্ভরযোগ্য ইসলামী বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানুষের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম প্রসঙ্গে কায়কোবাদ বলেন, প্রতিষ্ঠানটিকে কোরআন ও হাদিসের জ্ঞান প্রচারের কার্যকর কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। ইসলামী বই প্রকাশ ও বিশুদ্ধ ধর্মীয় জ্ঞান ছড়িয়ে দেওয়ার কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
হজ ব্যবস্থাপনা নিয়ে ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের অব্যয়িত ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজারের বেশি হাজি এ অর্থের সুবিধাভোগী।
ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সরকারি সম্মানীর বিষয়টিও তুলে ধরেন মন্ত্রী। গত অর্থবছরে পাইলট প্রকল্পের আওতায় ১৩ হাজার ৯৪৯ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সেবাইতকে সম্মানী দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামান ইসলামী জ্ঞানচর্চাকে আরও গবেষণাভিত্তিক ও সময়োপযোগী করার আহ্বান জানান। ডিজিটাল যুগে বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় নির্ভরযোগ্য বই, ই-বুক ও ডিজিটাল আর্কাইভ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।
শিশু-কিশোরদের জন্য নৈতিকতা ও মানবিক মূল্যবোধভিত্তিক বই প্রকাশে লেখক ও প্রকাশকদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান, ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এবারের ইসলামী বইমেলায় দেশি-বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠানের মোট ২০৬টি স্টল রয়েছে। মেলা চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। সাধারণ দিনে বেলা ১১টা থেকে রাত ১০টা এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।