শিশু-কিশোরদের অতিরিক্ত ডিভাইস ব্যবহারের অভ্যাস থেকে বের করে খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শনিবার বিকেলে রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের আয়োজনে ‘মডেল কাব হলিডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আমিনুল হক বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শুধু শারীরিকভাবে সুস্থ রাখে না, তাদের মধ্যে শৃঙ্খলা, সাহস, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণও তৈরি করে। এ ক্ষেত্রে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, নতুন প্রজন্মকে মাদক ও অনিয়ম থেকে দূরে রেখে একটি সুশৃঙ্খল জাতি হিসেবে গড়ে তোলা প্রয়োজন। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে এজন্য একসঙ্গে কাজ করতে হবে।
ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, সরকার প্রাথমিক পর্যায় থেকেই খেলাধুলায় শিশুদের অংশগ্রহণ বাড়াতে চায়। চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং নতুন শিক্ষাক্রমেও খেলাধুলাভিত্তিক বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তার মতে, শিশুদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
বাংলাদেশ স্কাউটসের কার্যক্রম আরও বিস্তৃত করতে সরকারের সহযোগিতার আশ্বাসও দেন আমিনুল হক। জেলা ও উপজেলা পর্যায়ে স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, শিশুদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে পরিবারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের প্রতি আস্থা রাখার পাশাপাশি সততা ও শৃঙ্খলার চর্চা পরিবার থেকেই শেখাতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, আগামী বাংলাদেশকে সুন্দর, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে নতুন প্রজন্মকে মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও গণতান্ত্রিক চেতনায় গড়ে তোলা প্রয়োজন।
অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক ও স্কাউটিং কার্যক্রমে অংশ নেওয়া শিশু-কিশোরদের অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও অভিভাবকদের ধন্যবাদ জানান।