হরমুজ প্রণালির ওপর ইরানের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি প্রত্যাখ্যান করে গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথ সবার জন্য পুরোপুরি উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগের আনুষ্ঠানিক বিবৃতিগুলোতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালিতে অবাধ ও নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে হবে। এ দায়িত্ব কোনো একক দেশের নয়; বরং আঞ্চলিক দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব।
আমিরাত বলেছে, হরমুজ প্রণালি কেবল জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ নয়; সার, খনিজ, পেট্রোকেমিক্যাল পণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ বৈশ্বিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ ধমনি এটি। তাই এই নৌপথে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তার প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে।
অঞ্চলে সামরিক উত্তেজনা এবং জাহাজ চলাচল ব্যাহত হওয়ার হুমকির মধ্যে আমিরাতের এ অবস্থান নতুন করে আলোচনায় এসেছে। দেশটি কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি প্রয়োজনীয় মাইন অপসারণ ও নৌ-নিরাপত্তা সক্ষমতাসম্পন্ন দেশগুলোর সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছে।
ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পরিচালনার অধিকতর ক্ষমতা দাবি করে আসছে। তবে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ বলছে, কোনো ফি বা একক দেশের অনুমতি ছাড়াই নৌপথটি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকতে হবে।
সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, আন্তর্জাতিক আইনের আওতায় হরমুজ প্রণালি পুনরায় সম্পূর্ণ সচল রাখতে পরিচালিত সব প্রচেষ্টায় অংশ নিতে তারা প্রস্তুত।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস