অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন নিয়ে আন্তর্জাতিক সমালোচনার মধ্যে এবার বাণিজ্যিক পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে ১২টি দেশ। এসব দেশ ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্যের বাণিজ্যে বিধিনিষেধ আরোপের পরিকল্পনার কথা জানিয়েছে।
এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জানান, আন্তর্জাতিক আইনে অবৈধ হিসেবে বিবেচিত ইসরায়েলি বসতি থেকে উৎপাদিত পণ্যের ওপর নিজ নিজ দেশে নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা আরোপের বিষয়টি তারা বিবেচনা করছেন।
বিবৃতিতে বলা হয়, শুধু নিজ নিজ দেশের পর্যায়েই নয়, ইউরোপীয় পর্যায়েও এ ধরনের বাণিজ্যিক পদক্ষেপ নেওয়ার উদ্যোগকে সমর্থন করা হবে।
পদক্ষেপের বিষয়ে একমত হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন, সুইডেন ও যুক্তরাজ্য।
এর মধ্যে যুক্তরাজ্য ইতোমধ্যে সরাসরি আমদানি নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড দেশটির পার্লামেন্টে জানান, পশ্চিম তীরে ইসরায়েলি বসতিতে উৎপাদিত নির্দিষ্ট পণ্যের ওপর আমদানি নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।
পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক রয়েছে। জাতিসংঘসহ বিশ্বের অনেক দেশ এসব বসতিকে আন্তর্জাতিক আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে মনে করে। তবে ইসরায়েল এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
বিশ্লেষকদের মতে, বাণিজ্যিক নিষেধাজ্ঞার উদ্যোগ ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর একটি নতুন প্রচেষ্টা। বিশেষ করে গাজা যুদ্ধ এবং পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের ঘটনায় ইসরায়েল ও কয়েকটি পশ্চিমা দেশের সম্পর্কের মধ্যে সাম্প্রতিক সময়ে টানাপোড়েন দেখা দিয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এসব দেশের লক্ষ্য হলো পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করা এবং দুই রাষ্ট্রভিত্তিক শান্তি সমাধানের প্রচেষ্টাকে সমর্থন করা।