নরওয়ের ওসলো যাওয়ার পথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি বিমান ড্রোন হামলার ঝুঁকি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গাহর স্তোরে।
বুধবার (৯ সেপ্টেম্বর) নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মলদোভা থেকে বিমানটি উড্ডয়নের সময় কাছাকাছি এলাকায় একটি ড্রোনের উপস্থিতি শনাক্ত করা হয়।
পরে মলদোভা সরকারের এক মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলেনস্কির বিমান উড্ডয়নের আগে এ ঘটনা ঘটে। তাদের দাবি, ড্রোনটি ছিল রাশিয়ার।
মলদোভা কর্তৃপক্ষ জানায়, ড্রোন সতর্কতার কারণে দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে ড্রোনটি মলদোভান ভূখণ্ডে বিধ্বস্ত হওয়ার পর জেলেনস্কির বিমানকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়।
নরওয়ে সফরে জেলেনস্কি দেশটির প্রধানমন্ত্রী ইয়োনাস গাহর স্তোরের সঙ্গে বৈঠক করেন। এ সময় ইউরোপীয় অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘ফ্রেয়া’ শক্তিশালী করা এবং যৌথ প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ইউরোপের আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করা সবার যৌথ দায়িত্ব। তিনি দ্রুত এই প্রতিরক্ষা প্রকল্পের বাস্তব ফল পাওয়ার আশাবাদ জানান।
এদিকে একই দিনে ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, ইউক্রেন-মলদোভা সীমান্তসহ দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে রুশ হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন।