যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো একটি যুদ্ধবিরতির প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে ইরানি ও ইরাকি কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির মাধ্যমে তেহরানের কাছে প্রস্তাবটি পৌঁছানো হলেও তা গ্রহণে আগ্রহ দেখায়নি ইরান।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরাকি প্রধানমন্ত্রী আলী আল-জাইদি একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তেহরান সফর করেন। সফরকালে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করে যুক্তরাষ্ট্রের প্রস্তাব তুলে ধরেন।
ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালিকে ঘিরে বিদ্যমান বিরোধের সমাধান ছাড়া শুধুমাত্র একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণে তেহরান আগ্রহী নয়।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, মূল সমস্যা বার্তা আদান-প্রদানে নয়, বরং যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান এবং দৃষ্টিভঙ্গিতে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, পরিস্থিতির আরও অবনতি হলে ইরান আঞ্চলিক পর্যায়ে সংঘাত বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে। দুই ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি তেহরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালায়, তাহলে পাল্টা জবাব হিসেবে ইসরায়েলের তেল আবিবে হামলা এবং হুথি মিত্রদের মাধ্যমে লোহিত সাগরের বাব এল-মানদাব প্রণালিতে চাপ সৃষ্টির পরিকল্পনা রয়েছে।
তবে এসব দাবি সম্পর্কে ইরান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য প্রকাশ করা হয়নি।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস