ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাতে নিহত মার্কিন সেনাদের পরিবারকে প্রাপ্য আর্থিক সুবিধা দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। যুদ্ধ আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়ায় কিছু ক্ষেত্রে সুবিধা পাওয়ার বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত এক মার্কিন মেজরের স্ত্রীকে প্রথমে অতিরিক্ত সুবিধার জন্য অযোগ্য বলে জানিয়েছিল মার্কিন বিমানবাহিনী। কারণ হিসেবে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের কংগ্রেস ইরানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেনি।
মেজর অ্যালেক্স ক্লিনারের স্ত্রী লিবি ক্লিনার অভিযোগ করেন, যুদ্ধে দায়িত্ব পালন করেই তার স্বামী নিহত হয়েছেন, অথচ যুদ্ধের আনুষ্ঠানিক স্বীকৃতি না থাকায় পরিবারকে সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়েছে।
অ্যালেক্স ক্লিনার ছিলেন কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমানের ছয় সদস্যের ক্রুর একজন। ইরানে মার্কিন অভিযানে সহায়তার সময় পশ্চিম ইরাকে বিমানটি বিধ্বস্ত হয়।
পরে মার্কিন বিমানবাহিনী জানায়, শুরুতে লিবি ক্লিনারকে দেওয়া তথ্য সঠিক ছিল না। নিহত সেনার শেষ বেতনে যুদ্ধকালীন ভাতা ও ঝুঁকিপূর্ণ দায়িত্বের অতিরিক্ত অর্থ অন্তর্ভুক্ত ছিল বলে জানানো হয়।
লিবি ক্লিনার বলেন, প্রিয়জন হারানো পরিবারের জন্য সরকারি নিয়ম-কানুন ও প্রক্রিয়া বুঝে সুবিধা পাওয়ার বিষয়টি আরও সহজ হওয়া উচিত।
এদিকে ইরান সংঘাতে ছয় মাসের বেশি সময়ে ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৭৮০ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিহত ও আহত সেনাদের পরিবারগুলোর অভিযোগ, পেন্টাগন অনেক ক্ষেত্রে আহত সেনাদের আঘাতের মাত্রা কম দেখাচ্ছে এবং তাদের যথাযথ যুদ্ধাহত সুবিধা দেওয়া হচ্ছে না। তবে মার্কিন সেনাবাহিনী এসব অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র: দ্য টেলিগ্রাফ