লালমনিরহাটে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা, চোরাইভাবে সার বিক্রি বন্ধ এবং কৃত্রিম সংকট তৈরির অভিযোগের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ফকিরের তকেয়া মোড় এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন তারা। এতে প্রায় এক ঘণ্টা ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।
পরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারী কৃষকরা জানান, বর্তমানে আমন ধানের মৌসুমে জমিতে সার প্রয়োগের গুরুত্বপূর্ণ সময় চলছে। কিন্তু চাহিদা অনুযায়ী মাঠপর্যায়ে সার পাওয়া যাচ্ছে না। ডিলারদের কাছে একাধিকবার গিয়েও অনেক কৃষক সার না পেয়ে ফিরে আসছেন।
তাদের অভিযোগ, সরকারি পর্যায়ে দেশে পর্যাপ্ত সার মজুত থাকার কথা বলা হলেও বাস্তবে কৃষকরা তা পাচ্ছেন না। অসাধু ডিলার ও ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
এর আগে রোববার জেলার বিভিন্ন এলাকায় সার সংকট ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে কৃষকরা বিক্ষোভ করেন। পরে অভিযান চালিয়ে অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে সোমবারের অবরোধের কারণে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। এতে দূরপাল্লার বাস, ট্রাক ও স্থানীয় যানবাহনের যাত্রীরা দুর্ভোগে পড়েন। তীব্র গরমে আটকা পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
খবর পেয়ে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনিতা দাস বলেন, জেলায় সরকারি পর্যায়ে সারের কোনো ঘাটতি নেই। গুদামে পর্যাপ্ত সার মজুত রয়েছে। কোনো ডিলার বা ব্যবসায়ী সার মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি করলে কিংবা নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।