জার্মানির পূর্বাঞ্চলীয় স্যাক্সনি রাজ্যে বিদ্যুৎ অবকাঠামোয় হামলার তদন্তের সময় আরও নয়টি ঘরে তৈরি বিস্ফোরক উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে কয়েক দিনের অভিযানে উদ্ধার হওয়া বিস্ফোরকের সংখ্যা দাঁড়িয়েছে ২১টিতে।
সোমবার পুলিশ ও সরকারি কৌঁসুলিদের এক যৌথ বিবৃতিতে জানানো হয়, গোয়েরলিটজ জেলার গ্রাউস্টেইন বিদ্যুৎ উপকেন্দ্রের দক্ষিণে উচ্চ ভোল্টেজ বিদ্যুৎ লাইনের কাছ থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
গত সপ্তাহে জার্মানির বিদ্যুৎ গ্রিডে কয়েকটি নাশকতার ঘটনা ঘটে। এর পর দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
পুলিশ জানায়, বিদ্যুৎ গ্রিডে ধারাবাহিক নাশকতার দায় স্বীকার করে একটি চিঠি পাঠানো ব্যক্তিকে খুঁজছে তারা। ওই ব্যক্তির বাড়িতে বিস্ফোরকসদৃশ বস্তু পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। তবে তিনি এখনো পলাতক রয়েছেন।
এর আগে আগস্টে জার্মানির একটি বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায়ও নিরাপত্তা উদ্বেগ বাড়ে। ওই ঘটনায় জার্মান সরকার রাশিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছিল।
এদিকে সোমবার বার্লিনের একটি ট্রান্সফরমার উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটিকে নাশকতা নয়, বরং প্রযুক্তিগত ত্রুটি হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে পশ্চিমাঞ্চলীয় শহর ভেসেলে একটি ট্রান্সফরমার উপকেন্দ্রের নিরাপত্তাবেষ্টনী কেটে ফেলার ঘটনা সামনে এসেছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করছে।
জার্মান কর্তৃপক্ষ বলছে, বিদ্যুৎ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে তদন্ত ও নজরদারি আরও জোরদার করা হচ্ছে।