যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মুখে কৌশলগত হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরের কিছু অংশজুড়ে নতুন ‘নিষিদ্ধ এলাকা’ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ইরান।
সোমবার (৭ সেপ্টেম্বর) টাইমস নাউয়ের প্রতিবেদনে বলা হয়, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।
রেজাই জানান, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ রেখা থেকে শুরু করে পারস্য উপসাগরের নির্দিষ্ট কিছু এলাকা নিয়ে এই নতুন নিয়ন্ত্রিত অঞ্চল গঠন করা হবে। সেখানে প্রবেশকারী যেকোনো জলযানকে ইরানের নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হবে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ মোকাবিলায় পেট্রোলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। আগামী ৮ সেপ্টেম্বর থেকে অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে প্রতি লিটার পেট্রোলের দাম ৫ হাজার তোমান থেকে বাড়িয়ে ১০ হাজার তোমান করা হবে।
তবে সরকারি কোটার প্রথম ও দ্বিতীয় ধাপের পেট্রোলের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন দেশটির সরকারি মুখপাত্র ফাতেমে মহাজেরানি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে ইরানের মুদ্রা রিয়ালের ওপর চাপ বেড়েছে। দেশটির অর্থনীতি সংকটের মধ্যে পড়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক।
এর আগে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি কমাতে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামুদ্রিক চাপ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে।
সূত্র: টাইমস নাউ