ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনের অন্যতম নেতা এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অসুস্থ হয়ে পড়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আন্দোলন থেকে কয়েক ঘণ্টার বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ জানান, কয়েক দিন ধরে তিনি জ্বর ও তীব্র শরীরব্যথায় ভুগছেন। অসুস্থতা সত্ত্বেও ব্যথানাশক ওষুধ সেবন করে আন্দোলনে অংশ নিচ্ছিলেন।
সমর্থকদের উদ্দেশে তিনি লেখেন, ‘আজ যন্তর মন্তরে আমাকে না দেখলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সুস্থ হওয়ার জন্য কয়েক ঘণ্টা বিশ্রাম প্রয়োজন।’
কয়েক ঘণ্টা বিশ্রামের পর সন্ধ্যার মধ্যে আন্দোলনস্থলে ফিরে আসার আশাও প্রকাশ করেন সিজেপির প্রতিষ্ঠাতা। ফলে তিনি আন্দোলন পুরোপুরি স্থগিত করেননি; অসুস্থতার কারণে সাময়িক বিরতি নিয়েছেন।
ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার অনিয়মের প্রতিবাদে গত এক মাসের বেশি সময় ধরে যন্তর মন্তরে আন্দোলন চলছে।
আলোচিত সমাজকর্মী সোনম ওয়াংচুক ও সিজেপির নেতৃত্বাধীন আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী দায় এড়াতে পারেন না বলে দাবি তাদের।
গত ২০ জুলাই আন্দোলনকারীদের ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লি পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।
পুলিশের কড়া নিরাপত্তা ও তৎপরতার মধ্যেও যন্তর মন্তরে আন্দোলন অব্যাহত রয়েছে। ভারতের কংগ্রেসসহ কয়েকটি বিরোধী রাজনৈতিক দল আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে।
সূত্র: দ্য হিন্দু