ভারতের মহারাষ্ট্রের নাগপুরে নাচের ক্লাসে যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের জেরে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ৪১ বছর বয়সী কৃষ্ণ লাল যাদবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত নারী হলেন ৩৮ বছর বয়সী যামিনী কৃষ্ণ লাল যাদব।
পুলিশ জানিয়েছে, ঘটনার দিন কাজ শেষে বাড়ি ফিরে কৃষ্ণ লাল তার স্ত্রীকে নিজের ও দুই সন্তানের জন্য খাবার রান্না করতে বলেন। তখন যামিনী নাচের ক্লাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রান্না করতে অস্বীকৃতি জানানো নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
পুলিশের দাবি, ঘটনার সময় কৃষ্ণ লাল মদ্যপ অবস্থায় ছিলেন। দুই সন্তানের সামনেই তিনি যামিনীর ঘাড় ও পেটে আঘাত করেন।
আহত হওয়ার পর যামিনী শারীরিক অসুস্থতার কথা জানিয়ে স্বামীকে ব্যথানাশক ওষুধ আনতে বলেন। কৃষ্ণ লাল ওষুধ কিনতে গেলেও দোকান বন্ধ থাকায় তিনি খালি হাতে ফিরে আসেন। পরে যামিনীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রথমে পুলিশ ঘটনাটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে নথিভুক্ত করে মরদেহ ময়নাতদন্তে পাঠায়। তবে ময়নাতদন্ত প্রতিবেদনে শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়ার পর তদন্তের মোড় ঘুরে যায়।
প্রতিবেদনে ঘাড়ের হাড় ভেঙে যাওয়া, অন্ত্রে গুরুতর ক্ষতি এবং শ্বাসরোধের আলামতের কথা উল্লেখ করা হয়।
নিহতের ভাই জানান, শুরুতে পরিবার ঘটনাটিকে দুর্ঘটনা বলেই মনে করেছিল। কিন্তু ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হয়। তিনি বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে আগে থেকেই বিভিন্ন বিষয়ে ঝগড়া হতো। তবে যামিনী এটিকে পারিবারিক বিষয় হিসেবে দেখতেন এবং পরিবারের অন্য সদস্যদের জানাতে চাইতেন না।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পুলিশ কৃষ্ণ লালকে জিজ্ঞাসাবাদ করে এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
সূত্র: এনডিটিভি