ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও যন্তর মন্তরে চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, তাদের বাকি দুটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ শেষ হবে না।শনিবার, ২৫ জুলাই আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। তার পদত্যাগের কয়েক মিনিট পর যন্তর মন্তরে দেওয়া বক্তব্যে অভিজিৎ বলেন, এ ঘটনা প্রমাণ করেছে, ভয় না পেয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করলে দাবি আদায় করা সম্ভব।তিনি জানান, প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা-সংক্রান্ত অনিয়মের কারণে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি গত ২০ জুলাই বিক্ষোভকারীদের ওপর পুলিশের নির্যাতনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।অভিজিৎ বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ তাদের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে বাকি দুটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনকারীরা যন্তর মন্তর ছেড়ে যাবেন না।[BANGVIEWS-POST:2474]সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরকারকে জবাবদিহির আওতায় আনা সম্ভব। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সেই আন্দোলনেরই ফল।তিনি আরও বলেন, নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে কর্মসূচি অব্যাহত থাকবে।ককরোচ জনতা পার্টির দাবি, প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অনিয়মের কারণে বহু শিক্ষার্থী হতাশা ও মানসিক চাপে পড়েছে। এ জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে রাষ্ট্রীয়ভাবে সহায়তা দেওয়া প্রয়োজন।দলটি একই সঙ্গে অভিযোগ করেছে, ২০ জুলাই আন্দোলনকারীদের ওপর পুলিশ বলপ্রয়োগ করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবিও জানিয়েছে তারা।সূত্র: টাইমস অব ইন্ডিয়া