রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যে এবার প্রতিবেশী ও মিত্র দেশ বেলারুশকে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি মস্কোতে ইউক্রেনের বড় ধরনের হামলার পরই এই নতুন উত্তেজনা তৈরি হলো।
শুক্রবার (১৯ জুন) কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ইউক্রেন সীমান্তের কাছে বেলারুশের ভূখণ্ডে কিছু যোগাযোগ সরঞ্জাম ও টাওয়ার স্থাপন করা হয়েছে, যা নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। এসব সরঞ্জাম এক সপ্তাহের মধ্যে সরিয়ে না নেওয়া হলে ইউক্রেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, “বেলারুশ চাইলে এসব সরঞ্জাম সরিয়ে নিতে পারে, এক সপ্তাহই যথেষ্ট সময়। না হলে আমরা ব্যবস্থা নেব।”
এদিকে, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত বলে দাবি করে সেখানে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে মস্কো ও মিনস্ক অভিযোগ করছে, ইউক্রেন পরিস্থিতি আরও উসকে দিচ্ছে এবং সংঘাতকে বিস্তৃত করার চেষ্টা করছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই বক্তব্য ও পাল্টা অবস্থানের কারণে ইউক্রেন-বেলারুশ সীমান্তে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: তাস