যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ নতুন সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডের পথে রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি অ্যাক্সিওসকে নিশ্চিত করেছেন এক মার্কিন কর্মকর্তা।
অন্যদিকে, আরেকটি সূত্র জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার সুইজারল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করেছেন। তবে পরিস্থিতির ওপর ভিত্তি করে এ সফরসূচিতে পরিবর্তন আসতে পারে।
এরই মধ্যে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও সুইজারল্যান্ডে পৌঁছেছেন বলে জানা গেছে।
সূত্র অনুযায়ী, শুক্রবার আলোচনার সূচি থাকলেও লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর চলমান সংঘর্ষের কারণে তা স্থগিত করা হয়। নতুন করে আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
মধ্যস্থতাকারী সূত্রগুলো বলছে, ইরান আলোচনার আগে লেবাননে কার্যকর যুদ্ধবিরতির বিষয়টি পর্যবেক্ষণ করতে চাইছে। তেহরানের মতে, আঞ্চলিক পরিস্থিতি স্থিতিশীল না হলে আলোচনার অগ্রগতি অনিশ্চিত হয়ে পড়তে পারে।
এদিকে মধ্যস্থতাকারী দেশগুলোর অন্যতম কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি শুক্রবারই সুইজারল্যান্ডে পৌঁছেছেন বলে জানা গেছে।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের, তবে তিনি শেষ মুহূর্তে সফর স্থগিত করেন। তিনি সপ্তাহান্তে আলোচনায় যোগ দেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
সূত্র: অ্যাক্সিওস