কাতার সরকারের ‘নিঃশর্ত উপহার’ হিসেবে দেওয়া একটি বোয়িং ৭৪৭-৮ বিমান আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানটি এখন থেকে প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ বহর ‘এয়ার ফোর্স ওয়ান’-এর অংশ হিসেবে ব্যবহৃত হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪০ কোটি ডলার মূল্যের এই বিলাসবহুল জেটটির প্রয়োজনীয় পরিবর্তন ও আধুনিকায়নের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
শুক্রবার জয়েন্ট বেস অ্যান্ড্রুজে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, বিমানটি সম্পূর্ণভাবে আধুনিকায়ন করে একটি ‘উড়ন্ত হোয়াইট হাউস’-এ রূপান্তর করা হয়েছে, যা এর আগে কেউ দেখেনি।
মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, প্রেসিডেন্ট ব্যবহারের আগে বিমানটি পরীক্ষামূলক উড্ডয়ন বা কমিশনিং ফ্লাইট সম্পন্ন করবে। এসব পরীক্ষার মাধ্যমে এর নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা এবং প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করা হবে।
নতুনভাবে সংযোজিত নিরাপত্তা ব্যবস্থা, উন্নত যোগাযোগ প্রযুক্তি এবং লজিস্টিক সহায়তার মাধ্যমে বিমানটির সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে বলে জানায় বিমানবাহিনী। সংস্থাটির দাবি, পূর্ববর্তী নিরাপত্তা ঝুঁকিগুলোও দূর করা হয়েছে।
বিমানের অভ্যন্তরীণ নকশায় সীমিত পরিবর্তন আনা হলেও বাইরের অংশে লাল, সাদা, নীল ও সোনালি রঙের নতুন নকশা যুক্ত করা হয়েছে।
২০২৫ সালের মে মাসে কাতারের রাজপরিবার এই বোয়িং ৭৪৭-৮ বিমানটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরকে উপহার দেয়, যা পরবর্তীতে প্রেসিডেন্টের বহরে অন্তর্ভুক্ত করা হয়।
তবে এই উপহার গ্রহণ নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। সমালোচকদের মতে, এত উচ্চমূল্যের উপহার গ্রহণ স্বার্থের সংঘাত সৃষ্টি করতে পারে এবং সাংবিধানিক প্রশ্নও উত্থাপন করতে পারে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী সরকারি কর্মকর্তাদের ৪৮০ ডলারের বেশি মূল্যের উপহার গ্রহণে বিধিনিষেধ থাকলেও হোয়াইট হাউস দাবি করেছে, বিমানটি গ্রহণ সম্পূর্ণ বৈধ। পাশাপাশি ট্রাম্পের মেয়াদ শেষে এটি তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে হস্তান্তর করা হবে বলেও জানানো হয়েছে।
এর আগে ১৯৯০ সাল থেকে এয়ার ফোর্স ওয়ান বহরে ব্যবহৃত দুটি বোয়িং ৭৪৭-২০০বি বিমান ছিল। হোয়াইট হাউস জানিয়েছে, পুরোনো একটি বিমান ইতোমধ্যে অবসরের পথে।
মার্কিন বিমানবাহিনী আরও জানিয়েছে, নতুন এই বিমানটি আপাতত অন্তর্বর্তীকালীনভাবে ব্যবহৃত হবে। ভবিষ্যতে বোয়িংয়ের তৈরি দুটি ভিসি-২৫বি মডেলের নতুন বিমান সরবরাহের পরিকল্পনা রয়েছে, তবে প্রকল্পে বিলম্ব হচ্ছে।
সূত্র: বিবিসি নিউজ