সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ডসংলগ্ন একটি আন্ডারপাস থেকে পলিথিনে মোড়ানো পাঁচটি ককটেলসদৃশ বস্তু পাওয়া গেছে। সন্দেহজনক বস্তুগুলো ঘিরে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়লে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তাবেষ্টনী তৈরি করেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানা পুলিশ। সন্দেহজনক বস্তুগুলো পরীক্ষার জন্য ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আন্ডারপাসের নিচে পলিথিনে মোড়ানো কয়েকটি বস্তু পড়ে থাকতে দেখে পথচারীদের সন্দেহ হয়। বস্তুগুলোর গায়ে লাল ও কালো রঙের টেপ পেঁচানো ছিল। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও এসআরবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সম্ভাব্য ঝুঁকি এড়াতে আন্ডারপাসের আশপাশে নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়। একই সঙ্গে ওই এলাকায় পথচারী ও যানবাহন চলাচল সীমিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ জানায়, উদ্ধার করা বস্তুগুলো প্রকৃতপক্ষে ককটেল, নাকি অন্য কোনো বিস্ফোরকসদৃশ সামগ্রী, তা নিশ্চিত হতে বিশেষজ্ঞদের পরীক্ষা প্রয়োজন। এ কারণে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তা নেওয়া হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, পুলিশ ও এসআরবি সদস্যরা ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা নিশ্চিত করেছেন। বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার পর বস্তুগুলোর প্রকৃত পরিচয় জানা যাবে।
এদিকে পরবর্তী সময়ে পাওয়া তথ্য অনুযায়ী, রাত ১০টার দিকে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পাঁচটি সন্দেহজনক বস্তু সংগ্রহ করে নিয়ে যায়। এর মধ্যে তিনটি লাল এবং দুটি কালো স্কচটেপে মোড়ানো ছিল।














মন্তব্যসমূহ