কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আওয়ামী লীগের প্রতি ফজলুর রহমানের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি বিষয়টিকে ‘পরকীয়ার’ সঙ্গে তুলনা করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে শামসুজ্জামান দুদুকে এসব মন্তব্য করতে শোনা যায়।
ফজলুর রহমানকে ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, ‘তিনি আওয়ামী লীগকে মনপ্রাণ দিয়ে ভালোবাসতে চান, এ নিয়ে কথা বলতে চান। তো সেটা তিনি করতে পারেন। কিন্তু এটা তো পরকীয়ার মত হয়ে যাবে।’
দুদুর বক্তব্যে উঠে আসে দলীয় রাজনীতিতে অবস্থান এবং অন্য রাজনৈতিক দলের সাফল্য তুলে ধরার প্রসঙ্গও।
তিনি বলেন, ‘খাই-দাই, অর্জন করি বিএনপির, আর অন্যেরটা আমি সাফল্য হিসেবে গাই—এটা তো ঠিক হবে না। তিনি সবসময় উলটাপালটা বক্তব্য দিয়ে ফেসবুক গরম করে রাখেন।’
ফজলুর রহমানের অতীত রাজনৈতিক পরিচয় নিয়েও কথা বলেন শামসুজ্জামান দুদু। তিনি উল্লেখ করেন, ফজলুর রহমান একসময় ছাত্রলীগ ও বাকশালের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বেও দায়িত্ব পালন করেছেন।
দুদু বলেন, ‘ফজলুর রহমান একসময় ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাও ছিলেন। তার যে প্রসঙ্গটি, তিনি এ কথা বলছেন, আমজনতার ও কথা বলছেন। অনেক বড় কথা, কিন্তু জাতীয় রাজনীতিতে এগুলোর খুব একটা গুরুত্ব নেই।’
বিএনপির ভাইস চেয়ারম্যানের বক্তব্যে মূলত ফজলুর রহমানের সাম্প্রতিক রাজনৈতিক মন্তব্য এবং আওয়ামী লীগের প্রতি তাঁর অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ পেয়েছে।














মন্তব্যসমূহ